তারেক রহমানকে মোদীর আমন্ত্রণপত্র দিলেন ওম বিড়লা, জামাত আমিরের সঙ্গে বৈঠক বিদেশ সচিবের
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা ও আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণের পর সন্ধ্যায় স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। চিঠিতে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধানকে দ্রুততম সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
এই কূটনৈতিক সফরের অংশ হিসেবে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের নবনির্বাচিত বিরোধী দলনেতা ডা. শফিকুর রহমানের সঙ্গেও বৈঠক করেন। জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎকারে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। উল্লেখ্য, ভুটান, যুক্তরাজ্য ও পাকিস্তানের প্রতিনিধিদলও পৃথকভাবে জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে লোকসভার স্পিকার ও বিদেশ সচিব বিশেষ বিমানে ঢাকা পৌঁছালে তাঁদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ওম বিড়লা এবং বিক্রম মিস্রি উভয়েই তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সফরকে ‘গঠনমূলক’ হিসেবে বর্ণনা করে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী মৈত্রী বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

