তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার মৃত্যু: সূত্র – এবেলা
এবেলা ডেস্কঃ
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত সংঘাত এবার চরম রক্তক্ষয়ী মোড় নিল। গত কয়েকদিন ধরেই ডুরান্ড লাইন বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল। একে অপরের ভূখণ্ডে গোলাবর্ষণ ও অনুপ্রবেশের অভিযোগে যখন পরিস্থিতি উত্তপ্ত, ঠিক তখনই এক বিস্ফোরক খবর সামনে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করছে, পাকিস্তানের চালানো সাম্প্রতিক এক ভয়াবহ বিমান হামলায় মৃত্যু হয়েছে তালিবানের সবথেকে ক্ষমতাশালী এবং রহস্যময় সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার।
দীর্ঘদিন ধরেই হিবাতুল্লাহ আখুন্দজাদার অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। জনসমক্ষে তাকে খুব একটা দেখা যেত না, যার ফলে তাকে ঘিরে রহস্যের অন্ত ছিল না। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তের ভেতরে গভীর রাতে যে সারপ্রাইজ এয়ারস্ট্রাইক চালিয়েছিল, তার মূল লক্ষ্যই ছিল তালিবানের এই শীর্ষ নেতৃত্ব। মাঝরাতের সেই নিস্তব্ধতা ভেঙে যখন পাকিস্তানি যুদ্ধবিমানগুলো গর্জে ওঠে, তখন সেই নিখুঁত নিশানায় আখুন্দজাদার গোপন আস্তানাটি ধূলিসাৎ হয়ে যায় বলে জানা যাচ্ছে।
এই খবরটি যদি সত্য প্রমাণিত হয়, তবে তা হবে তালিবান প্রশাসনের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বিশাল বড় ধাক্কা। তবে এখন পর্যন্ত কাবুলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। তালিবান নেতৃত্ব এই খবরটি কৌশলে গোপন রাখার চেষ্টা করছে কি না, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে জল্পনা তুঙ্গে। অন্যদিকে, ইসলামাবাদও এই অভিযানের সাফল্য নিয়ে এখনো পর্যন্ত সরাসরি মুখ খোলেনি। তবে সীমান্তের দুই পাশেই হাই-অ্যালার্ট জারি করা হয়েছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

