লেটেস্ট নিউজ

তিন রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর এই তালিকা প্রকাশিত হলো। পরিসংখ্যান অনুযায়ী, রাজস্থানে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় ৩১ লক্ষ ৩৬ হাজার জন। একইভাবে ছত্তীসগঢ়ে ২৫ লক্ষ এবং গোয়াতে ১ লক্ষ ২৭ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

বিজেপিশাসিত এই রাজ্যগুলোর পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও ৫২ হাজারের বেশি নাম বাদ পড়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, রাজস্থানে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ১৫ লক্ষ ১৯ হাজার ৯২৯ জন। অন্যদিকে ছত্তীসগঢ়ে চূড়ান্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৩০ হাজার ৯১৪ জনে। খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় কিছু ক্ষেত্রে ভোটার সংখ্যা বাড়লেও প্রাথমিক তালিকার তুলনায় তা উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইতিমধ্যেই গুজরাত, পুদুচেরি ও লক্ষদ্বীপের তালিকা প্রকাশিত হলেও পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশ করেনি কমিশন। বিশেষ নিবিড় সংশোধন পরবর্তী পশ্চিমবঙ্গের এই তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি জনসমক্ষে আনা হবে বলে জানানো হয়েছে। আপাতত বিজেপি শাসিত এই তিন রাজ্য ও দ্বীপপুঞ্জের ভোটার তালিকায় বড়সড় রদবদল নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *