লেটেস্ট নিউজ

তৃণমূলের অভিযোগে মালদহের পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে বড় রদবদল করল নির্বাচন কমিশন। মালদহের মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তকে সরিয়ে বিহার ক্যাডারের আইপিএস অফিসার হৃদয় কান্তকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত জয়ন্ত কান্তের স্ত্রী বিহারের এক বিজেপি নেত্রী হওয়ায় তাঁর নিরপেক্ষতা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল। শাসকদলের এই অভিযোগের ভিত্তিতেই কমিশন দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করেছে।

শুধু মালদহ নয়, রাজ্যজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রেও পর্যবেক্ষক বদল করা হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি এবং শিল্পাঞ্চল আসানসোলের বিভিন্ন কেন্দ্রে নতুন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ ও হাবড়ার মতো স্পর্শকাতর এলাকাগুলোতেও দায়িত্বে রদবদল আনা হয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতেই কমিশনের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

রদবদলের আগে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব হয়েছিল। দলের দাবি ছিল, বিজেপি ঘনিষ্ঠ এবং বিতর্কিত অতীত থাকা আধিকারিকদের পর্যবেক্ষক হিসেবে বাংলায় পাঠানো হচ্ছে। বিশেষ করে গাজোল, বনগাঁ দক্ষিণ, বালিগঞ্জ ও মধ্যমগ্রামের পর্যবেক্ষকদের বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগগুলো সামনে এনে কমিশনকে বিঁধেছিল ঘাসফুল শিবির। এই ডামাডোলের মধ্যেই পর্যবেক্ষক বদলের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *