লেটেস্ট নিউজ

তৃণমূলের প্রচার শুরু: পাথরপ্রতিমা হয়ে বুধবার শুভেন্দুর গড় নন্দীগ্রামে অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজিয়ে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। ১২ বছরের রেওয়াজ বজায় রেখে আগামী মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় জনসভার মাধ্যমে প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নিজের কেন্দ্র ভবানীপুর থেকে প্রচার শুরু করার পরদিনই ময়দানে নামছেন দলের ‘সেনাপতি’। ইদ মিটতেই ক্যামাক স্ট্রিট থেকে অভিষেকের প্রথম দু’দিনের ঠাসা কর্মসূচির নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।

অভিষেকের এই প্রচার অভিযানের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়াড়ি এবং নারায়ণগড়ে জনসভা শেষ করে তিনি সরাসরি পৌঁছাবেন শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। গত জানুয়ারিতে ‘সেবাশ্রয়’ শিবিরের সূচনায় সেখানে গেলেও এবার তাঁর লক্ষ্য সরাসরি ভোটপ্রচার। হেভিওয়েট এই কেন্দ্রে গতবার পরাজয়ের ধাক্কা সামলে এবার জয়ের জন্য মরিয়া ঘাসফুল শিবির।

নন্দীগ্রামে এবার শুভেন্দু-ঘনিষ্ঠ তথা প্রাক্তন বিজেপি নেতা পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল। বয়াল অঞ্চলের প্রভাবশালী এই হিন্দু মুখকে সামনে রেখে বিজেপি-র ভোটব্যাঙ্কে থাবা বসানোই শাসকদলের মূল লক্ষ্য। বিশেষ করে নন্দীগ্রাম-২ ব্লকের হিন্দু ভোটারদের মন জয় করতে পবিত্রের অতীত ভাবমূর্তিকে কাজে লাগাতে চাইছে দল। এই রাজনৈতিক সমীকরণের আবহে বুধবারে নন্দীগ্রামে অভিষেকের কর্মিসভা ঘিরে চড়ছে পারদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *