তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’, ভোটের আগে রণকৌশল বদল অমিত শাহের – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন নির্বাচনের আগে রণকৌশলে বড়সড় পরিবর্তন আনল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আগামী ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একটি বিশেষ ‘চার্জশিট’ প্রকাশ করতে চলেছেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রথমে ইশতেহার প্রকাশের কথা থাকলেও, শাসক দলকে চাপে ফেলতে আগে দুর্নীতির খতিয়ান বা চার্জশিট জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।
এই চার্জশিটে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতি ও অপকর্মের অভিযোগ বিস্তারিতভাবে তুলে ধরা হবে। বিজেপি সূত্রের খবর, অমিত শাহ এটি প্রকাশের পর দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে এই অভিযোগগুলি পৌঁছে দেবেন। শাসক দলের ব্যর্থতা ও দুর্নীতির চিত্র তুলে ধরাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য।
চার্জশিট প্রকাশের পরবর্তী ধাপে বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করবে। এপ্রিলের শুরুতে এই ইশতেহার আসার সম্ভাবনা রয়েছে, যেখানে ক্ষমতায় এলে বিজেপি রাজ্যের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ করবে তার উল্লেখ থাকবে। তৃণমূল ইতিমধ্যেই প্রার্থী তালিকা ও ইশতেহার প্রকাশ করে প্রচার শুরু করলেও, পাল্টা চালে আগে চার্জশিট এনে রাজনৈতিক উত্তাপ বাড়াল বিজেপি।

