তৃণমূল ছেড়ে আইএসএফ-এ আরাবুল: ২০২৬ বিধানসভা ভোটের আগে ভাঙড়ে বড় ভাঙন – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে বড়সড় রদবদল ঘটালেন দাপুটে নেতা আরাবুল ইসলাম। বৃহস্পতিবার ফুরফুরা শরিফে নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে (আইএসএফ) যোগ দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে তৃণমূলের হয়ে কাজ করলেও অবহেলা ও বঞ্চনার অভিযোগ তুলে গত সোমবারই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন এই নেতা। বুধবার রাতে দলবদলের ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার তা পূর্ণতা পায়।
যোগদানের পর মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্বের কড়া সমালোচনা করেন আরাবুল ইসলাম। তিনি বর্তমান নেতৃত্বকে ‘অত্যাচারী’ আখ্যা দিয়ে শওকত মোল্লাকে ‘সন্ত্রাসের কারিগর’ বলে অভিহিত করেন। তাঁর দাবি, ভাঙড় থেকে সংগৃহীত অর্থ শীর্ষ মহলে পাঠানো হয় বলেই নির্দিষ্ট কিছু নেতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকির নেতৃত্বে এলাকায় শান্তি ফেরানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
আরাবুলের যোগদানের পর রাজনৈতিক মহলে তাঁর নির্বাচনী কেন্দ্র নিয়ে জল্পনা শুরু হয়েছে। আইএসএফ সূত্রে চূড়ান্ত ঘোষণা না এলেও বিশেষজ্ঞদের ধারণা, ভাঙড়, ক্যানিং পূর্ব বা পশ্চিমের মধ্যে কোনো একটি আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন। তবে ভাঙড় বর্তমানে নওশাদ সিদ্দিকির নিজের কেন্দ্র হওয়ায় আসন বণ্টন নিয়ে কৌতূহল রয়েছে। এদিকে আরাবুলের পর কাইজার আহমেদের মতো কোণঠাসা নেতাদের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়েও চর্চা শুরু হয়েছে।

