ত্বক ও চুলের যত্নে সানিয়া মির্জার পছন্দ ‘রেড লাইট থেরাপি’, জেনে নিন কার্যকারিতা ও খরচ
টেনিস তারকা সানিয়া মির্জা তাঁর উজ্জ্বল ত্বক ও চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে ইদানীং ‘রেড লাইট থেরাপি’-র ওপর ভরসা রাখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সপ্তাহে তিন-চারদিন প্রায় আধ ঘণ্টা করে এই থেরাপি গ্রহণ করেন তিনি। এই পদ্ধতিতে বিশেষ ধরনের লাল ও নিকট-ইনফ্রারেড আলো ব্যবহার করা হয়, যা ত্বকের গভীরে পৌঁছে কোষকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, এই থেরাপি কোনো ম্যাজিক না হলেও নিয়মিত ব্যবহারে কোষের কার্যকারিতা বৃদ্ধি পায়। এটি মূলত ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ের চুল পড়া রোধে কার্যকর। তবে চিকিৎসকরা সতর্ক করেছেন যে, বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া দীর্ঘসময় এই আলো ব্যবহার করলে ত্বক শুকিয়ে যাওয়া বা মাথাব্যথার মতো সমস্যা হতে পারে। ক্লিনিকে সাধারণত ১০ থেকে ৩০ মিনিটের সেশন নেওয়া হয়।
ভারতে এই আধুনিক ট্রিটমেন্টের খরচ ক্লিনিক ভেদে ভিন্ন হয়। সাধারণত ৮ হাজার টাকা থেকে এই থেরাপি শুরু হলেও এর সর্বোচ্চ খরচ ২৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। প্রতিটি সেশনের জন্য খরচ পড়ে ৪০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে। সাধারণ ইউভি রশ্মির মতো ক্ষতিকর না হওয়ায় বর্তমানে তারকাদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই স্কিন কেয়ার রুটিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

