দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত ভারত, কঠিন হয়ে গেল সেমিফাইনালের সমীকরণ
টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে চলে গেল ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। রান তাড়া করতে নেমে ভারতীয় দল মাত্র ১১১ রানেই গুটিয়ে যায়। এই হারের ফলে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলে ভারতের অবস্থান এখন দ্বিতীয় স্থানে থাকলেও সেমিফাইনালের পথ অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকা ২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, বড় ব্যবধানে পরাজয়ের কারণে ভারতের নেট রান রেট দাঁড়িয়েছে -৩.৮০০। এই গ্রুপে ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। সেমিফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ভারতকে এখন কেবল জিতলেই হবে না, বরং অন্য দলগুলোর জয়-পরাজয়ের সমীকরণের ওপরও নির্ভর করতে হবে।
আগামী ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ে এবং ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল। শেষ চারে জায়গা করে নিতে হলে ভারতকে এই দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে যাতে দক্ষিণ আফ্রিকা তাদের বাকি ম্যাচগুলোতে জয়লাভ করে। নেট রান রেটের ঘাটতি মিটিয়ে ভারত কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন সেটাই দেখার বিষয়।

