লেটেস্ট নিউজ

দলবদলের জেরে আক্রান্ত তৃণমূল কর্মী, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে সরগরম বালি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় রণবীর দোলুই নামে এক কর্মীর ওপর লোহার রড দিয়ে হামলার অভিযোগ উঠল পদ্ম শিবিরের বিরুদ্ধে। বুধবার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের প্রচার মিছিল চলাকালীন এই ঘটনাটি ঘটে। অভিযোগ, মিছিল থেকে রণবীরের পরিবারকে লক্ষ্য করে গালিগালাজ করা হয় এবং তিনি প্রতিবাদ করলে একদল কর্মী তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায়।

আক্রান্ত রণবীর দোলুই সম্প্রতি তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্রের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। এই হামলার প্রতিবাদে বুধবার রাতে বালি থানার সামনে কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান কৈলাশ মিশ্র। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানায় অবস্থান বিক্ষোভও করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়।

পুলিশ সূত্রে খবর, মারধরের এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর বিজেপি করার পর দলত্যাগ করায় রণবীরের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *