লেটেস্ট নিউজ

দিল্লির এআই সম্মেলনে কংগ্রেসের বিক্ষোভের পাল্টা, দেশজুড়ে গেরুয়া গর্জন রাহুল গান্ধিকে কালো পতাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি শুক্রবার দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক এআই (AI) সম্মেলনে যুব কংগ্রেসের অতর্কিত বিক্ষোভের আঁচ এবার আছড়ে পড়ল গোটা দেশে। কংগ্রেস কর্মীদের সেই ‘উদ্ধত’ আচরণের প্রতিবাদে শনিবার দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি এবং তাদের যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা। দিল্লি থেকে সুরত কিংবা হায়দরাবাদ— দেশের প্রতিটি বড় শহরেই এদিন প্রতিবাদী মিছিলে শামিল হন গেরুয়া শিবিরের কর্মীরা।

সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মহারাষ্ট্রের মুলুন্ডে। সেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে লক্ষ্য করে বিজেপি সমর্থকরা কালো পতাকা দেখান। রাহুলের কনভয় লক্ষ্য করে শুরু হয় তীব্র কংগ্রেস-বিরোধী স্লোগান। গেরুয়া শিবিরের অভিযোগ, একটি আন্তর্জাতিক স্তরের গুরুত্বপূর্ণ সম্মেলনে যুব কংগ্রেসের কর্মীরা যেভাবে জামা খুলে অর্ধনগ্ন অবস্থায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

উল্লেখ্য, শুক্রবার দিল্লির এআই সম্মেলনে যুব কংগ্রেসের বেশ কিছু কর্মী আচমকাই নিরাপত্তার ঘেরাটোপ টপকে ভেতরে ঢুকে পড়েন। তাঁরা জামা খুলে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করে। বিজেপির দাবি, কংগ্রেস কেবল দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও ভারতের সম্মান ধুলোয় মেশাতে চাইছে। এই ঘটনার প্রতিবাদেই এদিন দিল্লির রাজপথ থেকে শুরু করে দক্ষিণের হায়দরাবাদ পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। পাল্টাপাল্টি এই কর্মসূচির জেরে শনিবার দিনভর তপ্ত থাকল জাতীয় রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *