লেটেস্ট নিউজ

দুর্গাপুরে জনসংযোগে গিয়ে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ফরিদপুর এলাকায় জনসংযোগে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের মুখে পড়েন। শনিবার সকালে প্রধানমন্ত্রীর পত্র বিলি ও প্রচার কর্মসূচি চলাকালীন ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর আন্ডারপাস নির্মাণের দাবিতে সরব হন এলাকাবাসী। দীর্ঘদিনের এই দাবি পূরণ না হওয়ায় এক বাসিন্দা বিধায়কের সাথে হাত মেলাতেও অস্বীকার করেন এবং বাদানুবাদে জড়িয়ে পড়েন।

বিক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, আন্ডারপাস না থাকায় তাঁদের দুই কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ। একাধিকবার চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেন স্বপন কুমার ঘোষসহ অন্যান্যরা। তাঁদের স্পষ্ট বার্তা, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই জাতীয় সড়কে আন্ডারপাস তৈরি না হওয়া পর্যন্ত তাঁরা বিধায়কের কোনো আবেদন গ্রহণ করবেন না।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্জা। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কটাক্ষ করে বলেন যে, সাড়ে চার বছরে বিধায়ক কোনো কাজ করেননি বলেই মানুষ আজ প্রতিবাদ করছে। পাল্টা জবাবে লক্ষণ ঘড়ুই জানান, তিনি নিজের তহবিল থেকে এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন এবং ২০২৬ সালের নির্বাচনে মানুষ বিজেপির পাশেই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *