দেড় লাখ টাকার বিদ্যুৎ বিলের ধাক্কা: উত্তরপ্রদেশে দুশ্চিন্তায় চা-বিক্রেতার মৃত্যুতে তীব্র উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের এটাওয়া জেলার ভরতনায় এক দরিদ্র চা-বিক্রেতার মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ৫৫ বছর বয়সী শিবপাল সিং কাশ্যপ নামের ওই ব্যক্তি তাঁর বাড়িতে বসানো নতুন স্মার্ট মিটারে মাত্র তিন মাসে ১ লক্ষ ৫৮ হাজার টাকার অস্বাভাবিক বিদ্যুৎ বিল পান। পেশায় ঠেলাগাড়িতে চা-বিক্রেতা শিবপালের পক্ষে এই বিপুল অর্থ পরিশোধ করা আসাম্ভব ছিল, যা তাঁকে চরম মানসিক চাপের মুখে ঠেলে দেয়।
মৃতের পরিবারের অভিযোগ, বিল সংশোধনের জন্য শিবপাল বারবার বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হলেও কোনো সুরাহা পাননি। অভিযোগ উঠেছে, দপ্তরের কর্মীরা তাঁকে দিনের পর দিন এক অফিস থেকে অন্য অফিসে ঘুরিয়েছেন এবং যথাযথ সহযোগিতা করেননি। এই ক্রমাগত হয়রানি ও দুশ্চিন্তার জেরে গত বৃহস্পতিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের এসডিও অফিসের সামনে শিবপালের দেহ রেখে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। স্মার্ট মিটারের ভুল রিডিং এবং দপ্তরের উদাসীনতাকে এই মৃত্যুর জন্য দায়ী করে বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দপ্তরের গাফিলতি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

