লেটেস্ট নিউজ

দৈব শক্তির আড়ালে লম্পট অশোক খরাত, ছাত্রীকে যৌন নির্যাতন থেকে জমি দখল সব কিছুতেই সিদ্ধহস্ত এই ভণ্ড বাবা – এবেলা

এবেলা ডেস্কঃ

নাসিকের ভণ্ড তান্ত্রিক অশোক খরাতের একের পর এক হাড়হিম করা কীর্তি প্রকাশ্যে আসছে। নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই ছিল তার প্রধান অস্ত্র। অভিযোগ উঠেছে, নিজের দপ্তরেই একাধিক মহিলাকে যৌন হেনস্তা করত এই লম্পট। এমনকি বাদ যায়নি এক ছাত্রীও। বিয়ের প্রতিশ্রুতি বা তুকতাকের ভয় দেখিয়ে নারীদের ওপর অমানুষিক যৌন নির্যাতন চালানোর অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই ভণ্ড বাবা কেবল লম্পট নয়, একজন বড় মাপের প্রতারকও বটে। কৃষকদের ভয় দেখিয়ে বা জালিয়াতি করে প্রায় ২৫ একর জমি হাতিয়ে নিয়েছে সে, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। বর্তমানে তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে। এমনকি মারধর ও এক ব্যক্তিকে খুনের অভিযোগও সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

নির্যাতিতাদের অভয় দিতে পুলিশ বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে। আজ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। খরাতের এই পৈশাচিক সাম্রাজ্য ধসে পড়ায় স্বস্তিতে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *