লেটেস্ট নিউজ

ধর্মঘটের দিন কাজে না এলে কাটা যাবে বেতন নবান্নের কড়া নির্দেশে চাপে সরকারি কর্মীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

বকেয়া ডিএ-র দাবিতে আগামী ১৩ মার্চ রাজ্যজুড়ে সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনগুলোর ডাকা ধর্মঘট রুখতে কঠোর অবস্থান নিল নবান্ন। বৃহস্পতিবার অর্থ দফতরের অডিট শাখা থেকে জারি করা এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, ধর্মঘটের দিন সমস্ত সরকারি অফিস স্বাভাবিক নিয়মে খোলা থাকবে এবং কর্মীদের হাজিরা বাধ্যতামূলক।

নবান্নের নির্দেশ অনুযায়ী, ১৩ মার্চ কোনও সরকারি কর্মীকে ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি দেওয়া হবে না। এমনকি দিনের প্রথমার্ধ বা দ্বিতীয়ার্থের জন্যও কোনও ছুটি মঞ্জুর করা যাবে না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ওই দিন বিনা অনুমতিতে কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকলে তা ‘ডাইস-নন’ হিসেবে গণ্য হবে, যার ফলে সংশ্লিষ্ট কর্মীর ওই দিনের বেতন কাটা যাবে।

তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হয়েছে। যদি কোনও কর্মী হাসপাতালে ভর্তি থাকেন, পরিবারের কারও মৃত্যু হয়, ১২ মার্চের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকেন অথবা আগে থেকে অনুমোদিত মাতৃত্বকালীন বা চাইল্ড কেয়ার লিভে থাকেন, তবেই তা গ্রহণযোগ্য হবে।

নির্দেশ অনুসারে, ১৩ মার্চ অনুপস্থিত কর্মীদের সংশ্লিষ্ট দপ্তরের প্রধান শোকজ নোটিশ পাঠাবেন। সন্তোষজনক জবাব ও প্রয়োজনীয় নথি দিতে না পারলে বেতন কাটার পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। এই সংক্রান্ত সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া ৩০ মার্চের মধ্যে শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর। মূলত সরকারি পরিষেবা স্বাভাবিক রাখতেই রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *