লেটেস্ট নিউজ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হিরো আলম, পালানোর চেষ্টাকালে পাকড়াও

ধর্ষণের মামলায় পরোয়ানাভুক্ত আসামি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, নিজ বাড়ি থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাঁকে গ্রেফতার করা হয়। গত ১০ ফেব্রুয়ারি আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

মামলার বিবরণ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে হিরো আলমের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর দাবি, হিরো আলম তাঁকে জোরপূর্বক গর্ভপাত করান এবং সিনেমা বানানোর কথা বলে প্রায় ১৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র দাখিল করলে এই পরোয়ানা জারি হয়।

গ্রেফতারের পর হিরো আলমকে দ্রুত আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২১ এপ্রিল মারধর ও নির্যাতনের অভিযোগে ওই নারী হিরো আলমসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। দীর্ঘ তদন্তের পর হিরো আলমের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যদিও মামলার অন্য পাঁচ আসামি অব্যাহতি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *