ধোনিকে ছাড়াই কি মাঠে নামছে চেন্নাই সুপার কিংস শুরুতেই বড় ধাক্কা খেল সিএসকে শিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬ শুরুর আগেই দুঃসংবাদ পেলেন চেন্নাই সুপার কিংসের ভক্তরা। কাফ স্ট্রেনের চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। শনিবার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে যে কিংবদন্তি এই উইকেটকিপার-ব্যাটার বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। ধোনির মতো ফিট ক্রিকেটারের এভাবে চোট পাওয়া এবং ম্যাচ মিস করা ক্রিকেট মহলে বেশ বিরল ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।
৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে চেন্নাই, যেখানে ধোনির অভাব প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চোট সারতে দেরি হলে তিনি আরও বেশি ম্যাচ মিস করতে পারেন, এমনকি পুরো মরসুম নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ২০২৬ আইপিএল কি তবে ধোনির ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে চলেছে? আপাতত কোটি কোটি ভক্ত তাঁর দ্রুত সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।

