নজরুলের কবরের পাশে মৌলবাদী নেতা শঙ্কা আর ক্ষোভে ফুঁসছে চুরুলিয়া
ঢাকায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কট্টরপন্থী নেতা ওসমান হাদিকে কবর দেওয়ার সিদ্ধান্তে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। কবির জন্মস্থান চুরুলিয়ার কাজী পরিবার ও নজরুল অ্যাকাডেমির সদস্যরা এই ঘটনায় কবির সমাধির নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। আজীবন সাম্যবাদের গান গাওয়া কবির পাশে এক সাম্প্রদায়িক নেতার উপস্থিতি নজরুলের আদর্শকে অবমাননা করার শামিল বলে তারা মনে করছেন।
কবির ভাইঝির মেয়ে সোনালি কাজী এই সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে প্রশ্ন তুলেছেন, মানবতার অগ্রদূতের সমাধি আদৌ অক্ষত থাকবে কি না। আসানসোলবাসীর দাবি, নজরুল ইসলাম বাঙালির আবেগ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। তাঁর কবরের পাশে এমন কোনো কট্টরপন্থীর স্থান হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে এখন সরব দুই বাংলার নজরুল প্রেমীরা।

