নদীয়ায় গ্রুপ-ডি পরীক্ষায় মোবাইল হাতে টুকলি, শান্তিপুরে গ্রেফতার ৭ পরীক্ষার্থী – এবেলা
এবেলা ডেস্কঃ
রবিবার রাজ্যজুড়ে আয়োজিত গ্রুপ-ডি কর্মী নিয়োগ পরীক্ষায় ব্যাপক জালিয়াতির অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরে। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করে নকল করার অপরাধে পুলিশ সাতজন পরীক্ষার্থীকে হাতেনাতে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ভিক্টর রায়, সুমন্ত বিশ্বাস, বিজয় বিশ্বাস ও দেবজিৎ সিংহ রায়ের নাম জানা গেছে; যাদের প্রত্যেকের বাড়ি হাঁসখালি থানা এলাকায়।
শান্তিপুর থানা এলাকার একাধিক স্কুলে পরীক্ষা চলাকালীন পরিদর্শকদের নজরে আসে যে, কিছু পরীক্ষার্থী অত্যন্ত উন্নতমানের ‘চায়না মোবাইল’ ব্যবহার করে উত্তর লিখছে। বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বিভিন্ন স্কুল থেকে অভিযুক্তদের আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোবাইল ফোনগুলিও বাজেয়াপ্ত করেছে প্রশাসন।
সরকারি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া তল্লাশির ব্যবস্থা করা হয়েছিল। সেই নজরদারিতেই এই জালিয়াতি ধরা পড়ে। সোমবার ধৃত সাত পরীক্ষার্থীকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। নিয়োগ দুর্নীতির আবহে এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া আইনি পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

