নদীয়ার গেদে সীমান্ত এলাকায় ভোটার তালিকা থেকে শতাধিক মহিলার নাম বাদ, ঘনীভূত বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, পরিকল্পিতভাবে বাংলার মহিলা ভোটারদের টার্গেট করা হচ্ছে। এবার নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার সীমান্তবর্তী গেদে গ্রামে সেই অভিযোগেরই প্রতিফলন দেখা গেল। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বহু মহিলার নাম না থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের ১৭ ও ১৯ নম্বর বুথের প্রায় ১৩০ জন ভোটার জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আশ্চর্যজনকভাবে, এই বাদ পড়া ভোটারদের মধ্যে ১২০ জনই মহিলা। অভিযোগকারীদের দাবি, পরিবারভিত্তিক ‘প্রোজেনি ম্যাপিং’ এবং শুনানিতে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও কোনও স্পষ্ট কারণ ছাড়াই তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তর্জা। শাসকদল তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের সুবিধাভোগী মহিলা ভোটাররাই তাঁদের শক্তির উৎস, তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে, নিজেদের ভোটাধিকার ফিরে পেতে এবং এই বিসংগতির প্রকৃত কারণ জানতে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

