নন্দীগ্রামে ধুন্ধুমার! তৃণমূল করলে মিলবে না সরকারি পরিষেবা? বিজেপি নেতার হুমকিতে তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের মুখে তপ্ত নন্দীগ্রাম। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গড়ে এবার খোদ জেলা পরিষদ সদস্য অরূপ জানার বিতর্কিত ফতোয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বিরুলিয়ার এক জনসভা থেকে তিনি সাফ জানান, তৃণমূল করলে পঞ্চায়েত থেকে মিলবে না কোনো সরকারি শংসাপত্র। এলাকা এখন বিজেপির ‘পকেটে’, তাই বিরোধীদের রেয়াত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। অন্যদিকে, ভূমিপুত্র পবিত্র করকে প্রার্থী করে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে বিজেপির এই ‘সার্টিফিকেট’ হুমকিকে হাতিয়ার করেছে শাসকদল। ব্লক তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের পাল্টা দাবি, পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি সংবিধান বিরোধী কথা বলছে। সাধারণ মানুষ ব্যালট বক্সেই এই ‘হেরো ফতোয়ার’ উপযুক্ত জবাব দেবে।

