নন্দীগ্রামে শুভেন্দু বনাম পবিত্র: তৃণমূলের মাস্টারস্ট্রোক না কি ওয়াকওভার? – এবেলা
এবেলা ডেস্কঃ
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। শুভেন্দুর একসময়ের ঘনিষ্ঠ অনুগামী তথা ‘রাজনৈতিক শিষ্য’ হিসেবে পরিচিত পবিত্র কর মঙ্গলবারই ঘাসফুল শিবিরে যোগ দিয়ে টিকিট পেয়েছেন। এই আকস্মিক সিদ্ধান্তে বিজেপি শিবির কটাক্ষ করে বলছে, তৃণমূল লড়াই শুরুর আগেই শুভেন্দু অধিকারীকে ‘ওয়াকওভার’ দিয়ে দিয়েছে। এমনকি বিজেপির রাজ্য নেতৃত্ব একে ডুবন্ত নৌকার খড়কুটো ধরার প্রচেষ্টার সঙ্গে তুলনা করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি তৃণমূলের একটি সুপরিকল্পিত রণকৌশল হতে পারে। গত নির্বাচনে নন্দীগ্রামে হিন্দু ভোটের মেরুকরণ শুভেন্দুর জয়ের পথ প্রশস্ত করেছিল। বয়াল অঞ্চলের প্রভাবশালী নেতা পবিত্র কর নিজে একজন কট্টর ‘সনাতনী’ হিসেবে পরিচিত হওয়ায়, তাঁর মাধ্যমে বিজেপি-র হিন্দু ভোটব্যাঙ্কে ফাটল ধরাই শাসক শিবিরের মূল লক্ষ্য। পবিত্র নিজেও জানিয়েছেন, তাঁর হিন্দুত্ববাদ সবাইকে নিয়ে চলার মন্ত্রে বিশ্বাসী, যা পরোক্ষভাবে মেরুকরণের রাজনীতিকে চ্যালেঞ্জ জানানোর কৌশল।
অন্যদিকে, এই লড়াইকে কেন্দ্র করে ‘গটআপ’ ম্যাচের তত্ত্বও খাড়া করছে বিরোধীরা। কংগ্রেসের দাবি, শুভেন্দুর জন্য নন্দীগ্রাম ছেড়ে দিয়ে আদতে বিজেপি ও তৃণমূল সমঝোতার রাজনীতি করছে। তবে রাজনৈতিক মহলের নজর এখন ১৯৫৬ ভোটের সেই ব্যবধানের দিকে। পবিত্র কর কি পারবেন শুভেন্দুর গড়ে হিন্দু ভোটে ভাগ বসিয়ে সমীকরণ বদলে দিতে, নাকি নন্দীগ্রামের ফলাফল হবে একতরফা—তা নিয়ে সরগরম বঙ্গের ভোট ময়দান।

