লেটেস্ট নিউজ

নবদ্বীপে ছেলে ধরা আতঙ্কে ধুন্ধুমার! ব্যাগ হাতে সন্দেহভাজন মহিলাকে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা – এবেলা

এবেলা ডেস্কঃ

নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগর এলাকায় বুধবার সকালে ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। একটি কাপড়ের পুঁটলি হাতে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে ওই মহিলাকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। জিজ্ঞাসাবাদের সময় মহিলার অসংগতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ আরও ঘনীভূত হলে খবর দেওয়া হয় পুলিশে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সন্দেহভাজন ওই মহিলাকে এলাকায় ঘুরতে দেখে পিছু নেন বাসিন্দারা। পরে তাঁকে আটকে রেখে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি বিভ্রান্তিকর উত্তর দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা আইন নিজের হাতে না তুলে সরাসরি নবদ্বীপ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই জেলার বিভিন্ন প্রান্তে ছেলে ধরার গুজবকে কেন্দ্র করে আতঙ্ক দানা বেঁধেছে। ইতিপূর্বে বেশ কিছু এলাকায় গণপ্রহার এবং পুলিশকে হেনস্তা করার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং কোনো সন্দেহভাজনকে দেখলে আইন হাতে না তুলে সরাসরি পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *