নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান, শতরান সাহিবজাদা ফারহানের
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল পাকিস্তান। বুধবার নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অষ্টম দল হিসেবে সুপার এইট পর্ব নিশ্চিত করল পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সলমন আগা। ওপেনার সাহিবজাদা ফারহানের অপরাজিত ১০০ রান এবং শাদাব খানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৩ উইকেটে ১৯৯ রান তোলে পাকিস্তান। জবাবে খেলতে নেমে পাকিস্তানি বোলারদের দাপটে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস।
বোলিং বিভাগে নজর কেড়েছেন স্পিনার উসমান তারিক ও শাদাব খান। উসমান তারিক ১৬ রান দিয়ে ৪টি এবং শাদাব খান ১৯ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। বড় ব্যবধানে এই জয় পাকিস্তানের আত্মবিশ্বাস বাড়ালেও সুপার এইটের লড়াই তাদের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে। আগামী শনিবার সুপার এইটের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
সুপার এইটে গ্রুপ টু-তে পাকিস্তানের সাথে রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল। বর্তমান ফর্মে থাকা শ্রীলঙ্কা এবং শক্তিশালী ইংল্যান্ড-নিউজিল্যান্ডের বাধা টপকে সেমিফাইনালের টিকিট পাওয়া পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। এই কঠিন গ্রুপ থেকে পাকিস্তান শেষ চারে জায়গা করে নিতে পারে কি না, তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর চর্চা।

