লেটেস্ট নিউজ

নারায়ণগড়ে মেজাজ হারালেন বিজেপি প্রার্থী, জনতার প্রশ্নে রণক্ষেত্র এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি প্রচারে বেরিয়ে চরম উত্তেজনার মুখে পড়লেন। শুক্রবার হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর বুথে প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা উন্নয়নের অভাব ও প্রার্থীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ওপর চড়াও হন এবং হুমকি দেন বিজেপি প্রার্থী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করতে হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। বিজেপি শিবিরের দাবি, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে তাঁদের প্রচারে বাধা দিয়েছে এবং প্রার্থীকে হেনস্থা করেছে। এর প্রতিবাদে বিজেপি কর্মীরা বেলদা থানার সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করেন। অন্যদিকে, পরিস্থিতি জটিল হয়ে পড়লে ক্ষোভে রাস্তায় বসে পড়েন রমাপ্রসাদ গিরি, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তৃণমূল কংগ্রেস অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় যুব তৃণমূল নেতৃত্বের দাবি, পরাজয় নিশ্চিত জেনে বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমের নজর কাড়তে নাটক করছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রশ্নের উত্তর দিতে না পেরে বিজেপিই এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে শাসক শিবিরের পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। বর্তমানে পুলিশি নজরদারিতে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *