লেটেস্ট নিউজ

নাসার আর্টেমিস-২ মিশন: ৫৪ বছর পর চাঁদের কক্ষপথে ফিরছে মানুষ

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ঐতিহাসিক ‘আর্টেমিস-২’ মিশনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। আগামী ৬ মার্চ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শক্তিশালী ‘স্পেস লঞ্চ সিস্টেম’ রকেটে চড়ে চার মহাকাশচারী চাঁদের উদ্দেশে রওনা দেবেন। দীর্ঘ ৫৪ বছর পর এই অভিযানের মাধ্যমে পুনরায় মানুষের চন্দ্রাভিযান শুরু হতে চলেছে, যা মহাকাশ বিজ্ঞানে এক নতুন অধ্যায় সৃষ্টি করবে।

এই মিশনে থাকছেন কমান্ডার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। প্রায় ১০ দিনের এই অভিযানে মহাকাশচারীরা চাঁদে অবতরণ না করলেও ‘অরিয়ন’ মহাকাশযানে করে চাঁদের অন্ধকার দিকটি প্রদক্ষিণ ও পর্যবেক্ষণ করবেন। এটি মূলত একটি ‘ফ্লাইবাই টেস্ট’, যা পরবর্তীকালে চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতির পথ প্রশস্ত করবে বলে নাসা জানিয়েছে।

অভিযান শেষে মহাকাশযানটি পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। ইতিমধ্যেই রকেটের জ্বালানি ও কাউন্টডাউন সংক্রান্ত ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আর্টেমিস-২ সফল হলে ২০২৮ সালের মধ্যে আর্টেমিস-৩ মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে সরাসরি মানুষ পাঠানোর লক্ষ্য পূরণ করা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *