নিবাচনী ডামাডোলে বিপাকে বাংলা! কমিশনের নজিরবিহীন রদবদলে বিপর্যয়ের আশঙ্কা হাই কোর্টে – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের মুখে একের পর এক দুঁদে অফিসারকে বদলি করছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব থেকে শুরু করে একগুচ্ছ আইএএস ও পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ায় এবার বড়সড় প্রশাসনিক বিপর্যয়ের সিঁদুরে মেঘ দেখছে রাজ্য। কলকাতা হাই কোর্টে কমিশনের এই পদক্ষেপকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সওয়াল, এমন সংকটে কোনো প্রাকৃতিক বা সামাজিক বিপর্যয় ঘটলে দায় নেবে কে?
আদালতে শুনানির সময় তৃণমূলের এই প্রবীণ আইনজীবী দাবি করেন, দেশের অন্য কোনো রাজ্যে এমন গণবদলি হয়নি। ১৬ জন আইএএস এবং ১৩ জন পুলিশ সুপারসহ মোট ৬৩ জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন আধিকারিকদেরও ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কমিশনের এই ‘অযৌক্তিক’ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে আদালতের কড়া হস্তক্ষেপ দাবি করেছে রাজ্য পক্ষ। অন্য দিকে, এই মামলা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে কমিশনও।

