নিরাপদ ডিজিটাল লেনদেনে কড়া পদক্ষেপ আরবিআই-এর, ওটিপি ছাড়াও লাগবে বাড়তি সুরক্ষা

নিরাপদ ডিজিটাল লেনদেনে কড়া পদক্ষেপ আরবিআই-এর, ওটিপি ছাড়াও লাগবে বাড়তি সুরক্ষা

১ এপ্রিল ২০২৬ থেকে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল নিয়ে এল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ক্রমবর্ধমান অনলাইন প্রতারণা রুখতে এখন থেকে শুধু ওটিপি (OTP) নির্ভর ব্যবস্থা আর যথেষ্ট নয়। গ্রাহকদের সুরক্ষায় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং ডিজিটাল ওয়ালেটে অর্থপ্রদানের সময় ওটিপির পাশাপাশি পিন, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মতো অতিরিক্ত স্তরের যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সিম সোয়াপ বা ফিশিংয়ের মতো জালিয়াতি বন্ধ করতেই এই কঠোর সিদ্ধান্ত।

নতুন এই নিয়মে ‘ডায়নামিক অথেন্টিকেশন’ ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে একটি নির্দিষ্ট লেনদেনের কোড অন্য কোনো পেমেন্টে ব্যবহার করা যাবে না। বিশেষ করে বড় অঙ্কের লেনদেন বা নতুন কোনো ডিভাইস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে নিরাপত্তা স্তর হবে আরও নিশ্ছিদ্র। তবে গ্রাহকদের সুবিধার্থে নিয়মিত ব্যবহৃত ডিভাইস থেকে লেনদেনের ক্ষেত্রে প্রক্রিয়াটি তুলনামূলক দ্রুত হবে। আরবিআই স্পষ্ট জানিয়েছে, সিস্টেমের ত্রুটির কারণে কোনো গ্রাহক প্রতারিত হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা সংস্থাকেই তার দায়ভার গ্রহণ করতে হবে এবং দ্রুত সমাধান নিশ্চিত করতে হবে।

আর্থিক ক্ষেত্রের এই পরিবর্তনের পাশাপাশি আরও কিছু নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে রূপে প্ল্যাটিনাম ডেবিট কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস সুবিধা মিলবে না। রেলযাত্রীদের জন্য সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। এছাড়া ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ফাস্ট্যাগের বার্ষিক ফি বাড়িয়ে ৩০৭৫ টাকা করেছে। ঘরোয়া লেনদেনের পাশাপাশি আন্তর্জাতিক কার্ড পেমেন্টেও এই নিরাপত্তা বিধি ধাপে ধাপে কার্যকর করা হবে, যা আগামী অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *