নির্বাচনী ইশতেহারে বড় চমক দিতে আজই ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর এবার ইশতেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে কালীঘাটের বাসভবন থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী সংকল্পপত্র উন্মোচন করবেন। অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। সূত্রের খবর, এবারের ইশতেহারে গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ানের পাশাপাশি আগামী ৫ বছরের জন্য স্বাস্থ্য ও জনকল্যাণমূলক পরিষেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।
ছাব্বিশের লড়াইয়ে জয় নিশ্চিত করতে নারী ক্ষমতায়ন এবং যুব সম্প্রদায়ের কর্মসংস্থানে একগুচ্ছ নতুন প্রকল্পের দিশা থাকতে পারে এই ইশতেহারে। ‘বাংলা অস্মিতা’ এবং ‘উন্নয়ন ঘরে ঘরে’ স্লোগানকে হাতিয়ার করে সাধারণ মানুষের নিত্যদিনের চাহিদাকেই প্রাধান্য দিচ্ছে শাসক দল। ২০২১ সালের জনপ্রিয় প্রকল্পগুলোর পর এবার স্বাস্থ্য ক্ষেত্রে বড় কোনো ঘোষণা ভোটারদের চমকে দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

