নির্বাচনের আগে মালদহে তৃণমূলে ব্যাপক ধস মিম শিবিরে, যোগ দিলেন এক হাজার কর্মী – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদহ জেলায় শাসকদলের অন্দরে বড়সড় ভাঙন দেখা দিল। মোথাবাড়িতে কংগ্রেসের বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এবার রতুয়ায় তৃণমূল কংগ্রেস ছেড়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম-এ যোগ দিলেন প্রায় ১০০০ জন সক্রিয় কর্মী। বর্তমান দলের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেই এই গণ-দলবদল বলে জানিয়েছেন দলত্যাগীরা। এই ঘটনার পর মিম নেতৃত্বের দাবি, আগামী নির্বাচনে রতুয়া বিধানসভা কেন্দ্রে তাদের জয় এখন কেবল সময়ের অপেক্ষা, যা জেলার রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে।
এদিকে তৃণমূলের পক্ষ থেকে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। তাদের অভিযোগ, নির্বাচনের মুখে এভাবে দল ছেড়ে কর্মীরা আসলে পরোক্ষভাবে বিজেপির হাত শক্ত করছেন। তবে একই সঙ্গে হাজারো কর্মীর দলত্যাগে শাসক শিবিরের অন্দরে অস্বস্তি বেড়েছে। জেলার সীমান্তবর্তী এই এলাকায় মিমের এই শক্তিবৃদ্ধি বিরোধী ভোট ব্যাংক এবং আসন্ন নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন সরগরম মালদহের রাজনৈতিক মহল।

