নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: ভোটের ৫ দিন আগেই এলাকায় নামছে কেন্দ্রীয় বাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটের ৫ দিন আগে থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ কার্যত আধা-সেনার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ইঙ্গিত দেন। এই নতুন নির্দেশিকায় থানার ভূমিকা কেবল আইনি নথিপত্রে সীমাবদ্ধ রেখে বুথ ব্যবস্থাপনা ও নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী এবং বিএলও-দের ওপর অর্পণ করা হচ্ছে। চলতি মাসেই আরও ২ হাজার কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা রয়েছে।
প্রার্থীদের প্রচারের ক্ষেত্রেও কঠোর নিয়ম জারি করেছে কমিশন। এবার থেকে প্রার্থীদের হলফনামায় তাদের সমস্ত স্বীকৃত সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’ (MCMC)-র আগাম অনুমোদন নিতে হবে। অনুমতিহীন বিজ্ঞাপন বা অর্থের বিনিময়ে সংবাদ পরিবেশনের ওপর কড়া নজরদারি চালাবে কমিশনের বিশেষ অ্যাপিল কমিটি।
ভোটের মুখে ভুয়া খবর প্রচার রুখতে সামাজিক মাধ্যম কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে কমিশন। পুলিশ ও নোডাল অফিসারদের স্পষ্ট জানানো হয়েছে, ভোটারদের বিভ্রান্তি এড়াতে ডিজিটাল প্ল্যাটফর্মে কড়া পর্যবেক্ষণ চালানো হবে। ইদের ছুটির কারণে অতিরিক্ত তালিকা প্রকাশ পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছে। সোমবার এবং পরবর্তী সপ্তাহে ধাপে ধাপে বকেয়া মামলার নিষ্পত্তি ও তালিকা প্রকাশের কাজ সম্পন্ন হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

