নির্বাচন কমিশনের বদলি নির্দেশে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রাজ্য: সোমবার শুনানির সম্ভাবনা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের ৪৩ জন উচ্চপদস্থ আইপিএস ও আইএএস আধিকারিককে ভিন রাজ্যে বদলি করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। শুক্রবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই নির্দেশিকার ওপর স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের করেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার এই মামলার দ্রুত শুনানির সম্ভাবনা রয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা কমিশনের দায়িত্ব হলেও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের অন্য রাজ্যে বদলি করার এক্তিয়ার তাদের নেই। এই গণবদলির ফলে রাজ্যের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্মে বড় ধরনের ব্যাঘাত ঘটছে বলে আদালতে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে দ্রুত আইনি হস্তক্ষেপ চেয়েছে রাজ্য।
এই ইস্যু নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারিতা’ ও ‘রাজনৈতিক হস্তক্ষেপ’ বলে অভিহিত করে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটের বিজ্ঞপ্তির পর মুখ্য সচিব ও ডিজিপি-সহ এত বিপুল সংখ্যক আমলা ও পুলিশকর্তার বদলি প্রশাসনিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে।

