লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশন ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল; স্পষ্ট হল এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীনদের ভোটাধিকার – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে কমিশনের ফুল বেঞ্চ জানায়, আগামী ৭ মে-র মধ্যে নতুন বিধানসভা গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে। এবারের নির্বাচনে মোট ৮২৪টি আসনে প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ায় থাকা প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা অবশেষে দূর করেছেন জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট করেছেন যে, এই প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। মামলা নিষ্পত্তির ভিত্তিতে পর্যায়ক্রমে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। কমিশনারের মতে, সংবিধানের ৩২৬ ধারা মেনে কোনো বৈধ ভোটারকেই তালিকার বাইরে রাখা হবে না।

নির্বাচন পরিচালনার জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী এবং সাড়ে আট লক্ষ নিরাপত্তাকর্মী নিয়োগ করা হচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ, যার মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ এবং মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কয়েক হাজার অবজার্ভার ও মাইক্রো অবজার্ভার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *