লেটেস্ট নিউজ

নির্বাচন ২০২৬: বহিঃরাজ্যে পাঠানো লক্ষাধিক ভোটারের নথি যাচাইয়ে বিলম্ব, বাড়ছে উদ্বেগ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানি শেষ হলেও প্রায় এক লক্ষ ভোটারের নথি যাচাই নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্য রাজ্যের শিক্ষাগত বা পরিচয়পত্রের নথি জমা দেওয়া এই ভোটারদের তথ্য ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে যাচাই প্রক্রিয়া শেষ করার সময়সীমা থাকলেও, বিপুল সংখ্যক নথি এখনও ফেরত না আসায় সংশ্লিষ্ট ভোটারদের ভবিষ্যৎ নিয়ে প্রশাসনিক মহলে দুশ্চিন্তা বাড়ছে।

বর্তমানে এই নথিগুলি ডিজিটাল সিস্টেমে আপলোড করা থাকলেও চূড়ান্ত অনুমোদন না মেলায় জেলা নির্বাচন আধিকারিকরা ধন্দ্বে রয়েছেন। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, রাজ্যের অভ্যন্তরীণ যাচাই পর্ব সম্পন্ন হয়েছে এবং বহিঃরাজ্যে পাঠানো তথ্যগুলোও নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবে। এই বিলম্বিত নথিগুলো কবে নাগাদ অনুমোদিত হবে, সে বিষয়ে জেলা স্তরে এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা পৌঁছায়নি বলে জানা গেছে।

এর পাশাপাশি প্রযুক্তিগত বা প্রশাসনিক কারণে প্রায় ১ লক্ষ ১৪ হাজার ভোটারের নথি সিস্টেমে আপলোড না হওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিইও দফতরের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। সময়সঙ্কট নাকি প্রযুক্তিগত ত্রুটি—ঠিক কী কারণে এই বিপত্তি ঘটল, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। লক্ষাধিক ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে এই জোড়া সমস্যায় বর্তমানে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *