নিলামে কাব্য মারানের বড় চমক শুবমান গিলকে ব্যঙ্গ করা পাক স্পিনার এবার সানরাইজার্সের ডেরায় – এবেলা
এবেলা ডেস্কঃ
দ্য হান্ড্রেড লিগের নিলামে ইতিহাস গড়ল সানরাইজার্স লিডস। দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিতে জায়গা পেলেন পাকিস্তানের ক্রিকেটার। আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ তথা সান গ্রুপের মালিকানাধীন এই দলে ২.৩৪ কোটি টাকায় নাম লিখিয়েছেন পাক স্পিনার আবরার আহমেদ। লন্ডনের পিকাডিলি লাইটসে আয়োজিত এই নিলামে আবরারকে নিয়ে ট্রেন্ট রকেটসের সঙ্গে লড়াই চলে সানরাইজার্সের। শেষ পর্যন্ত মোটা অঙ্কের বিনিময়ে তাঁকে দলে ভেড়ান সিইও কাব্য মারান ও প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
উল্লেখ্য, আবরার আহমেদকে দলে নেওয়া নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সময় ভারতের অধিনায়ক শুবমান গিলকে আউট করে মাঠ ছাড়ার বিতর্কিত ইশারা করেছিলেন এই স্পিনার। সেই সময় ভারতীয় ক্রিকেট ভক্তরা বিষয়টি ভালোভাবে নেননি এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর কড়া সমালোচনা হয়েছিল। সেই তিক্ত স্মৃতি কাটিয়ে এবার ভারতীয় মালিকানাধীন দলেই খেলবেন তিনি।
২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর আইপিএলের দরজা পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর ইংল্যান্ডের ক্রিকেট মহলের চাপে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো পাক ক্রিকেটারদের নেওয়ার বিষয়ে নমনীয় হলেও খুব বেশি খেলোয়াড় সুযোগ পাননি। হ্যারি ব্রুকের নেতৃত্বে সানরাইজার্স লিডসে আবরারের অন্তর্ভুক্তি তাই আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন সমীকরণ তৈরি করল।

