নৃশংস কাণ্ড! তিন বছরের সতীন-কন্যাকে কুপিয়ে খুন করল পাষণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
গোরক্ষপুরের পিপরাইচ এলাকায় এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাত্র তিন বছর বয়সী শিশু আদিতি ওরফে লাডোকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল তার সৎ মা পূজার বিরুদ্ধে। জানা গেছে, প্রথম স্ত্রী লক্ষ্মী দেবীর মৃত্যুর পর গত জানুয়ারি মাসে পূজাকে বিয়ে করেছিলেন ত্রিবেনি মৌর্য। কিন্তু বিয়ের পর থেকেই ছোট্ট আদিতিকে সহ্য করতে পারতেন না পূজা।
মঙ্গলবার রাতে বিবাদ চরমে পৌঁছালে ত্রিবেনি যখন বাড়ির বাইরে ছিলেন, সেই সুযোগে ঘুমন্ত শিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে পূজা। ধারালো অস্ত্র দিয়ে সে শিশুটির গলা কেটে দেয়। ঘটনার পর ব্যাগ গুছিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে ফেলে এবং খুঁটিতে বেঁধে পুলিশে খবর দেয়।
ত্রিবেনি মৌর্য জানান, আদিতিকে তিনি খুব ভালোবাসতেন, যা পূজা একদমই মেনে নিতে পারত না। পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে এবং খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে। যদিও প্রাথমিক তদন্তে তুকতাক বা তন্ত্রমন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়েছে পুলিশ, তবে পারিবারিক আক্রোশই এই খুনের মূল কারণ বলে মনে করা হচ্ছে।

