নেতানিয়াহুর মৃত্যুর গুজব ওড়াল ইজরায়েল, তুঙ্গে ইরান-ইজরায়েল তথ্যযুদ্ধ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র গুজব ছড়িয়েছে। ইরানের সরকার ঘনিষ্ঠ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর দপ্তরে আঘাত হেনেছে। এমনকি এই হামলায় প্রধানমন্ত্রীর ভাই ইদ্দো নেতানিয়াহু এবং নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির নিহত হয়েছেন বলেও জল্পনা ছড়ানো হয়। তবে জেরুজালেম এই দাবিকে সরাসরি ‘ভিত্তিহীন ও ভুয়ো খবর’ বলে উড়িয়ে দিয়েছে।
গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বা ছবি জনসমক্ষে না আসায় এই জল্পনা আরও ঘনীভূত হয়। এছাড়া তাঁর বাসভবনে নিরাপত্তা বৃদ্ধি এবং মার্কিন প্রতিনিধিদের সফর বাতিলের খবরকে হাতিয়ার করে ইরানি সংবাদ সংস্থাগুলো প্রচার চালায়। ইজরায়েল সরকারের দাবি, প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন এবং লিখিত বার্তার মাধ্যমেই প্রশাসনিক কাজ পরিচালনা করছেন। ইচ্ছাকৃতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে তাদের অভিমত।
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইজরায়েল সামরিক সংঘাতের সমান্তরালে এখন তীব্র তথ্যযুদ্ধ শুরু হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধের আবহে প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখতে এবং জনমতকে প্রভাবিত করতে দুই পক্ষই সামাজিক মাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে সঠিক তথ্য যাচাই না করে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও ইজরায়েল সরকারিভাবে প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর অস্বীকার করেছে।

.jpg.webp?ssl=1)