নেপালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, প্রাণ হারালেন ১৮ জন
নেপালের ধাদিং জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোরে পৃথ্বী মহাসড়কের ভৈনসিগৌড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি থেকে এ পর্যন্ত ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।
সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভট্ট জানিয়েছেন, বাসটি সড়ক থেকে ছিটকে সরাসরি নদীতে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় ২৪ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন, যাদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এবং দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বর্তমানে নেপালের তিনটি নিরাপত্তা সংস্থার সমন্বয়ে উদ্ধারকাজ পরিচালিত হচ্ছে। নদীর প্রবল স্রোত ও দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও এপিএফ-এর প্রশিক্ষিত ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। উপ-পুলিশ সুপারিনটেনডেন্ট সুনীল গিরির নেতৃত্বে এই অভিযান চলছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

