পঞ্চগড়ে জয়ের পরেই আওয়ামী লিগের কার্যালয় খুলে দিয়ে সম্প্রীতির নজির গড়লেন বিএনপি নেতা আবু দাউদ প্রধান – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত সংসদ সদস্য আবু দাউদ প্রধান ভোটের ফল প্রকাশের পরদিনই চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লিগের তালাবদ্ধ কার্যালয়টি খুলে দিয়েছেন। ৫ আগস্টের পর থেকে বন্ধ থাকা এই অফিসটি জামায়াত কর্মীরা তালাবদ্ধ করে রেখেছিল বলে অভিযোগ ওঠে। এলাকায় রাজনৈতিক উত্তেজনা প্রশমন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন বলে জানান ওই বিএনপি নেতা।
অফিসটি খুলে দেওয়ার সময় আবু দাউদ প্রধান আওয়ামী লিগ নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন এবং কোনো প্রকার অন্যায় না করার আহ্বান জানান। বর্তমানে স্থানীয় মুক্তিযোদ্ধারা কার্যালয়টি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে কোনো দলীয় রাজনৈতিক কার্যক্রম আপাতত চলবে না বলে জানানো হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

