পঞ্চমবার বাবা হলেন ইউটিউবার আরমান মালিক, বড় ঘোষণা ঘিরে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরমান মালিক ও তাঁর প্রথম স্ত্রী পায়েল মালিকের পরিবারে এসেছে নতুন সদস্য। পুত্র সন্তানের জন্মের মধ্য দিয়ে আরমান এখন পাঁচ সন্তানের জনক। চণ্ডীগড়ের বাসিন্দা এই ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় নবজাতক ও স্ত্রীর সুস্থতার খবর শেয়ার করতেই নেটিজেনদের শুভেচ্ছায় ভেসেছেন। তবে এই খুশির খবরের মাঝেই নিজের একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন আরমান।
সন্তানের জন্মের পর একটি ভিডিও বার্তায় আরমান জানান, তিনি এমন এক বিশাল পরিবার গড়ে তুলতে চান যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সঞ্চয় না থাকলেও পরিবারের সদস্য সংখ্যা দিয়ে তিনি এক অনন্য নজির গড়তে ইচ্ছুক। তাঁর এই ‘বিশাল পরিবার’ গড়ার পরিকল্পনা এবং নিজস্ব স্টাইল প্রদর্শন নিয়ে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে নিছক প্রচার পাওয়ার কৌশল হিসেবেই দেখছেন।
উল্লেখ্য, দুই স্ত্রী পায়েল ও কৃতিকার সঙ্গে সহাবস্থানের কারণে আরমান বরাবরই চর্চায় থাকেন। ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে বহুবিবাহকে উৎসাহিত করা এবং একাধিক গুরুতর অভিযোগ উঠলেও ভ্লগিং দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা কমেনি। বর্তমানে পায়েল ও আরমানের চার সন্তান এবং কৃতিকার এক পুত্রসন্তান নিয়ে তাঁদের সংসার। এই নতুন সদস্যের আগমন মালিক পরিবারের সদস্য সংখ্যা আরও বাড়িয়ে দিল।

