পদ্মার বুকে ভয়াবহ ট্র্যাজেডি, ফেরি থেকে নদীতে যাত্রীবাহী বাস তলিয়ে প্রাণ গেল ২৩ জনের – এবেলা
এবেলা ডেস্কঃ
দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার বিকেলে রাজবাড়ী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এই ভয়াবহ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধারকাজ চললেও মাঝরাতে অন্ধকারের কারণে সাময়িকভাবে তা স্থগিত রাখা হয়েছে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেল ৫টা নাগাদ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এই বিপর্যয় ঘটে। বাসটিতে নারী ও শিশুসহ প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশের ডুবুরি দল। রাত সাড়ে ১১টা নাগাদ উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সাহায্যে ডুবে যাওয়া বাসটি জল থেকে ওপরে তুলে আনা সম্ভব হয়।
উদ্ধার হওয়া এক যাত্রী জানান, চোখের সামনেই তাঁর পরিবারকে তলিয়ে যেতে দেখেছেন তিনি। নিজে সাঁতরে পাড়ে উঠতে পারলেও স্ত্রী ও সন্তান এখনও নিখোঁজ। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের অপেক্ষায় পদ্মার পাড়ে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে আলো ফুটলেই পুনরায় পূর্ণোদ্যমে উদ্ধার অভিযান শুরু করা হবে।

