পরমাণু কেন্দ্রে শক্তিশালী বাঙ্কার, মার্কিন চাপের মুখে সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান
মার্কিন বাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে নিজেদের পরমাণু কেন্দ্রগুলোর সুরক্ষা নিশ্চিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। ওয়াশিংটনভিত্তিক নজরদারি সংস্থা ‘ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি’ (ISIS)-এর সাম্প্রতিক স্যাটেলাইট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ছবিতে দেখা গেছে, তেহরানের দক্ষিণ-পূর্বে অবস্থিত পার্চিন সামরিক কমপ্লেক্সের সংবেদনশীল কেন্দ্রগুলোকে দ্রুত শক্তিশালী কংক্রিটের আবরণে ঢেকে মাটির নিচে বাঙ্কারে পরিণত করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, পার্চিনের ‘টালেঘান ২’ কেন্দ্রে গত কয়েক সপ্তাহ ধরে জোরকদমে নির্মাণকাজ চলছে। আকাশপথে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে মূল কাঠামোর ওপর কংক্রিট ও মাটির পুরু স্তর বসানো হয়েছে। এছাড়া নাটানজ নিউক্লিয়ার প্ল্যান্টের কাছে পাহাড়ি টানেলগুলোর প্রবেশপথও পাথরের অতিরিক্ত স্তর দিয়ে শক্তিশালী করা হচ্ছে। আইসিস প্রধান ডেভিড অলব্রাইট সতর্ক করেছেন যে, এই প্রতিরক্ষা ব্যবস্থা কেন্দ্রগুলোকে দুর্ভেদ্য করে তুলছে।
কূটনৈতিক স্তরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চললেও ইরানের এই সামরিক তৎপরতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এসফাহান পরমাণু কমপ্লেক্সেও গোপনীয়তা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রমাণ মিলেছে। একদিকে পারমাণবিক চুক্তিতে আপসের ইঙ্গিত দিলেও, অন্যদিকে পার্চিন ও নাটানজে উন্নত সেন্ট্রিফিউজ ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকাঠামো সুরক্ষিত করার এই পদক্ষেপ ইরানের দ্বিমুখী কৌশলেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

