পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ মহাকুম্ভের মোনালিসার – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৫ সালের মহাকুম্ভের মাধ্যমে রাতারাতি পরিচিতি পাওয়া ‘ভাইরাল গার্ল’ মোনালিসা ভোঁসলে এবার পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে গুরুতর শারীরিক হেনস্তার অভিযোগ এনেছেন। সম্প্রতি কোচিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোনালিসা দাবি করেন, ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার শুটিং চলাকালীন নেপাল ও দেরাদুনে পরিচালক তাঁকে একাধিকবার অশালীনভাবে স্পর্শ করেছেন এবং জোরপূর্বক জাপটে ধরেছিলেন। তাঁর অভিযোগ, সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে তরুণীদের হেনস্তা করাই ওই পরিচালকের চারিত্রিক বৈশিষ্ট্য।
মোনালিসা আরও জানান যে, এই ঘটনার কথা তিনি নিজের পরিবারকে জানালেও আর্থিক লালসার কারণে তারা কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো পরিবার তাঁকে একা ফেলে চলে যাওয়ায় তিনি সেই সময় আইনি সহায়তা নিতে পারেননি। বর্তমানে অভিনেতা ফরমান খানকে বিয়ে করার পর থেকে তাঁদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে এবং সিনেমার পোস্টার পুড়িয়ে সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কাছে নিরাপত্তা ও বিচার প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। তিনি অভিযোগ করেন, পরিচালক তাঁর স্বামীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছেন। ব্যক্তিগত আক্রমণ ও পেশাগত অসদাচরণের এই দ্বিমুখী লড়াইয়ে মোনালিসা এখন আইনি ও প্রশাসনিক সহযোগিতার অপেক্ষায় রয়েছেন। সংবাদ সম্মেলনে তাঁর পাশে থেকে সবরকম সমর্থনের আশ্বাস দিয়েছেন তাঁর স্বামী ফরমান খান।

