লেটেস্ট নিউজ

পশ্চিমবঙ্গে কি তবে রাষ্ট্রপতি শাসন? অফিসার বদল নিয়ে উত্তাল হাই কোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোট ঘোষণা হতেই একের পর এক আইএএস এবং আইপিএস অফিসার অপসারণ নিয়ে নজিরবিহীন সংঘাতের সাক্ষী কলকাতা হাই কোর্ট। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব থেকে শুরু করে পুলিশ কমিশনার— বদলির এই দীর্ঘ তালিকা দেখে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন, “রাজ্যে কি তবে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে?”

সোমবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন কমিশনের এক্তিয়ার নিয়ে তীব্র বিতণ্ডা তৈরি হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেবলমাত্র রাষ্ট্রপতি শাসন জারি থাকলেই এইভাবে ঢালাও বদলি সম্ভব। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, ইতিমধ্যেই ৬৩ জন পুলিশ অফিসার, ১৬ জন আইএএস এবং ১৩ জন এসপি-কে সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কোনও জরুরি বিপর্যয় তৈরি হলে প্রশাসন কে সামলাবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে স্পষ্ট করেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই পদক্ষেপ। পরিস্থিতি অনুযায়ী ৫টি রাজ্যেই আধিকারিক বদল করা হয়েছে, যা কমিশনের সাংবিধানিক ক্ষমতার মধ্যেই পড়ে। তবে এই জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। আগামী বুধবার ফের এই চাঞ্চল্যকর মামলার শুনানি হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *