পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে মোদীর হস্তক্ষেপ চান আমিরাশাহির প্রাক্তন রাষ্ট্রদূত – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের বর্তমান প্রভাব ও দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে মোদীর সুসম্পর্ক এই যুদ্ধ থামাতে কার্যকরী ভূমিকা নিতে পারে। মির্জার মতে, ভারতের প্রধানমন্ত্রীর একটি ফোনই এই সংঘাত বন্ধ করার জন্য যথেষ্ট।
প্রাক্তন রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, ভারত ইরানের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক এবং ইজরায়েলের সাথেও দিল্লির কৌশলগত সম্পর্ক অত্যন্ত মজবুত। এছাড়া আমিরশাহিতে বসবাসকারী প্রায় ৩৫ লক্ষ ভারতীয়র নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় ভারতের এগিয়ে আসা উচিত। তিনি স্পষ্ট করেন যে, কুয়েত বা কাতারের মতো আমিরশাহিও তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালাতে দেয়নি।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সাথে ইরানের দফায় দফায় ড্রোন ও মিসাইল হামলার জেরে আরব দুনিয়ায় অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের বলিষ্ঠ পদক্ষেপ আশা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। আমিরশাহি বর্তমানে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধ যাতে আর ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান মির্জা।

