লেটেস্ট নিউজ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি: মুখ্যমন্ত্রীদের নিয়ে মোদির জরুরি বৈঠক, ‘টিম ইন্ডিয়া’ স্পিরিটের আহ্বান – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিল ভারত সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে অমিত শাহ, নির্মলা সীতারামন ও হরদীপ সিং পুরীকে নিয়ে একটি বিশেষ মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই সংকটের মোকাবিলায় সকলকে একজোট হয়ে ‘টিম ইন্ডিয়া’ স্পিরিট নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী কোভিড মহামারীর সময়কার সম্মিলিত লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেন। যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে তৈরি হওয়া অস্থিরতা, বিশেষ করে জ্বালানি তেলের জোগান স্বাভাবিক রাখা এবং কালোবাজারি রুখতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করা হয়েছে। নির্বাচনের কারণে অনুপস্থিত পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরিবর্তে সংশ্লিষ্ট মুখ্যসচিবদের নিয়ে পরবর্তীতে পৃথক বৈঠক করবে কেন্দ্রীয় সচিবালয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে, যার ফলে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বাড়ছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর সুদূরপ্রসারী প্রভাব পড়ার আশঙ্কায় প্রধানমন্ত্রী এই প্রথম মুখ্যমন্ত্রীদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনায় বসলেন। দেশজুড়ে জরুরি প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *