পশ্চিম এশিয়া সংকটে প্রধানমন্ত্রীর সতর্কতা: যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব ও ভারতীয়দের নিরাপত্তা নিয়ে লোকসভায় বড় বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় তিনি জানান, এই যুদ্ধের ‘দীর্ঘমেয়াদী প্রভাব’ ভারতের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়তে পারে। বিশেষ করে হরমোজ প্রণালীতে সৃষ্ট সংকটের কারণে আন্তর্জাতিক জলপথে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে অপরিশোধিত তেল ও সারের আমদানিতে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের সরবরাহ শৃঙ্খলের জন্য বড় চ্যালেঞ্জ।
সরকারের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত প্রায় এক কোটি ভারতীয়র নিরাপত্তা। প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, ইরান ও আমেরিকার সংঘাতের আবহে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমদ্যেই ৭৫,০০০-এর বেশি ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে, যার মধ্যে ইরান থেকে উদ্ধার করা ৭০০ জন মেডিকেল শিক্ষার্থীও রয়েছেন। আটকদের রক্ষায় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছেন।
যুদ্ধের জেরে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, ভারত সরকার নিরন্তর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে পরিস্থিতির মোকাবিলা করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে কেবল সরকারি বার্তার ওপর ভরসা রাখতে অনুরোধ করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রাখছে।

