পশ্চিম এশিয়া সংকট: জ্বালানি ও নিরাপত্তা নিয়ে কাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আগামীকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
ইরান যুদ্ধের প্রভাবে ভারতে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত কী কী বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, প্রধানমন্ত্রী তা রাজ্যগুলোর সামনে বিস্তারিতভাবে তুলে ধরবেন। এছাড়া আন্তর্জাতিক স্তরে পণ্য সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন সচল রাখা এবং বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
দেশজুড়ে বর্তমান রান্নার গ্যাসের তীব্র হাহাকার ও চাহিদার তুলনায় জোগানের ঘাটতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্যগুলো কীভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে, বৈঠকে সেই রূপরেখা তৈরি হতে পারে। যুদ্ধের সুদূরপ্রসারী প্রভাব থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করাই এই জরুরি বৈঠকের মূল লক্ষ্য।

