পশ্চিম মেদিনীপুরের ধানক্ষেতে রহস্যময় বিশাল ড্রোন উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলা সংলগ্ন কাজুচক গ্রামে একটি বিশাল আকারের রহস্যময় ড্রোন উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোররাতে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতের মধ্যে ড্রোনটিকে পড়ে থাকতে দেখেন। আন্তর্জাতিক স্তরে ড্রোন হামলার আবহে হঠাৎ এমন উড়ন্ত যন্ত্রের উপস্থিতিতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশাল আকৃতির এই ড্রোনটি দেখতে অনেকটা ছোট বিমানের মতো হওয়ায় প্রথমে বিভ্রান্তি তৈরি হয়। খবরটি জানাজানি হতেই আশপাশের গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করেন। এর আগে এলাকায় এত বড় ড্রোন কখনও দেখা যায়নি। ফলে এটি কোথা থেকে এবং কী উদ্দেশ্যে এখানে এল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
দাঁতন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং ড্রোনটি উদ্ধার করে। প্রাথমিক অনুমান অনুযায়ী, এটি কোনও বেসরকারি সংস্থার সার্ভে ড্রোন হতে পারে, যা প্রযুক্তিগত ত্রুটির কারণে ভেঙে পড়েছে। তবে ড্রোনের প্রকৃত উৎস ও উদ্দেশ্য জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি মেলেনি।

