‘পাকিস্তান সফর মানেই বিপদ’, মার্কিন নাগরিকদের কড়া বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের পাকিস্তান সফরের বিষয়ে ফের চরম সতর্কতা জারি করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, পাকিস্তানে যখন-তখন জঙ্গি হামলা, অপহরণ এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে আফগান সীমান্ত সংলগ্ন খাইবার-পাখতুনখোয়া প্রদেশকে ‘লেভেল-৪’ অর্থাৎ সবথেকে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানে ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন বিদেশ মন্ত্রকের সাম্প্রতিকতম নির্দেশিকায় বলা হয়েছে, পাকিস্তানে অপরাধের হার এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ এতটাই অনিয়ন্ত্রিত যে যে কোনো মুহূর্তে প্রাণহানির আশঙ্কা রয়েছে। সন্ত্রাসবাদের পাশাপাশি সেখানে বিদেশি নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে মার্কিন পর্যটক ও ব্যবসায়ীদের পাকিস্তান সফরের পরিকল্পনা বাতিলের বা অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস। কূটনৈতিক মহলের মতে, এই কড়া সতর্কবার্তা ইসলামাবাদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিল।

